চকরিয়ায় গ্রামীণ ব্যাংকের মালিকানাধীন চিংড়ি ঘেরে দফায় দফায় ডাকাতি
চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের মালিকানাধীন উপজেলার রামপুর চিংড়ি মৌজার ৩০০ একরের চিংড়ি ঘেরে দু দফায় ডাকাতির খবর পাওয়া গেছে। বুধবার (১১ জুন) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ চিংড়ি ঘেরের তত্ত্বাবধায়ক উৎপল কান্তি চৌধুরী বলেন, ‘আনুমানিক ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল চিংড়ি ঘেরের অফিস বাউন্ডারি এলাকায় ঢুকে পড়ে। তাদের ৪/৫ জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।’
ব্যবস্থাপক বলেন, ‘সশস্ত্র ডাকাতদল আকস্মিকভাবে হানা দিয়ে ডাকাতি শুরু করে দেয়। আমি ভয়ে কথাও বলতে পারছিলাম না। চট্টগ্রামে চালান পাঠানোর জন্য ঘের থেকে আহরণের পর প্যাকেটজাত করে রাখা অর্ধলক্ষাধিক টাকার চিংড়ি মাছ লুঠ করে নেয় ডাকাতরা।
তিনি আরো জানান, ডাকাতদল ঘেরের কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল, টর্চ লাইট ও ঘেরের মাছ রাখার ড্রামও লুট করে নিয়েছে। ডাকাতদল বন্দুকের গুলি ফায়ার করে চলে যায়। বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে।
২০২১ সালের ৫ জুলাই রাতে চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি জাফর আলমের লোকজন অতর্কিত হামলা চালিয়ে ৩০০ একর বিশিষ্ট ঘেরটি দখল করে নিয়েছিল।
ওই রাতে আনুমানিক ৩০/৩৫ জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ঘেরের আনুমানিক ১০ লাখ টাকার মাছ ডাকাতি করে নেয়। সেই থেকে গেল বছরের ৪ আগস্ট সময় পর্যন্ত সাবেক এমপি জাফর আলমের দখলে ছিল ঘেরটি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রামীণ কর্তৃপক্ষ আবার ঘেরের দখল নিয়ে চাষ শুরু করে।
কক্সবাজারের পুলিশ সুপার মো সাইফউদ্দীন শাহীন গ্রামীণ চিংড়ি ঘেরে ডাকাতি সংঘটিত হবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































